ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ধরপাকড় চালিয়েছে পুলিশ। এবার আটক করা হয়েছে নকশালপন্থী দল সিপিআইএমএল (লিবারেশন) এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে। শনিবার (১০ অক্টোবর) দিল্লির আইএনএ এলাকার কাছে বিক্ষোভকারীদের আটক করা হয়।
ছাত্রনেত্রী নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রা শুরুর পরপরই পুলিশের ধরপাকড় শুরু হয়। এ সময় নেহা বোরাকেও আটক করা হয়। পুলিশের বাধার মুখে এর আগে বিক্ষোভ কর্মসূচির স্থান যন্তর মন্তর থেকে ‘দিল্লি হাট’-এ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন নেহা বোরা। তিনি বলেছিলেন, দিল্লি হাটই এখন তাদের যন্তর মন্তর হয়ে উঠবে।
বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই আরও কয়েকজন পরিচিত মুখকে আটক করে পুলিশ। শনিবার যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, কর্মসূচি শুরুর আগেই ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে দিল্লি পুলিশ। পুলিশের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস